Donald Trump

আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ধর্ম, পরকাল, রাজনৈতিক শত্রু এবং ইউএফও নিয়ে খোলামেলা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক রস ডাউথ্যাটের নেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্পের জীবনের নশ্বরতা ও নানা অজানা বিষয় উঠে এসেছে।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় একাধিক প্রাণঘাতী হামলা থেকে বেঁচে ফেরা ৮০ বছর বয়সি ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, মৃত্যুর পর কী হবে বলে তিনি মনে করেন। কিছুটা বিরতি দিয়ে জবাবে ট্রাম্প জানান, তিনি নিজেকে একজন ধার্মিক মানুষ হিসেবে দেখেন এবং তাত্ত্বিকভাবে তার স্বর্গেই যাওয়া উচিত, কারণ তিনি নরকে যেতে চান না। তবে তিনি আশা করেন যে মৃত্যুর পরও মানুষ তাকে স্মরণ করবে।

সাক্ষাৎকারের একপর্যায়ে সাংবাদিক ডাউথ্যাট জানতে চান—যদি পরকালে স্বর্গে প্রবেশের একমাত্র শর্ত হয় জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমা করে দেওয়া, তবে ট্রাম্প তা করতে পারবেন কি না। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান যে এটি তার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, তিনি কিছু রাজনৈতিক শত্রুকে ঘৃণা করেন এবং আজীবন করবেন, তাই তাদের ক্ষমা করা তার পক্ষে অসম্ভব।

রাজনীতি ও পরকালের আলোচনার পাশাপাশি সাক্ষাৎকারে ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ওভাল অফিসে দায়িত্ব পালনের সময় মার্কিন বিমানবাহিনীর অত্যন্ত দক্ষ ও নির্ভরযোগ্য বেশকয়েকজন পাইলট তার সঙ্গে দেখা করেছিলেন। হলিউড তারকা টম ক্রুজের মতো পরিপাটি ও পেশাদার ওই পাইলটরা কোনো ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী নন। ব্যক্তিগতভাবে তিনি খুব একটা ইউএফও বিশ্বাস না করলেও, ওই বিশ্বস্ত পাইলটরা তার কাছে উড়ন্ত বস্তু সম্পর্কে অত্যন্ত অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

3 thoughts on “আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *