ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয়পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং। রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
একই দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাৎ করে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানিয়েছেন, তারা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।
সাংবাদিকদের চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন।
নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছি।
প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন কিনা-এমন প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, আগে যেরকম চীনে হাই লেভেল ভিজিট হয়েছে। আমরা আশা করি, এবারো চীনে হাই লেভেল ভিজিট হবে।
নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ভারত : রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর প্রণয় ভার্মা বলেন, আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি যে, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছি। আমি জানিয়েছি, পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার এবং আমাদের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছি। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও তুলে ধরেছি।
ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় পাকিস্তান : পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারিত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তার সরকারের গভীর আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের জনগণের কল্যাণে পাকিস্তানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার। এদিন হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ : দুই দেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। রোববার বিকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপের পর নিজের এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন হাইকমিশনার ইমরান হায়দার।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা বৈঠকে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সকালে রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

